রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন
মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে।সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে গতকাল বুধবার বিকেল পাঁচটায় নগরের সাহেববাজারের জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে সাংস্কৃতিক জোটের সভাপতি ও ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম, সহসভাপতি প্রশান্ত সাহা, আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত প্রমুখ।বক্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে আপিল করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। এখানে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়।১৪ দলের সমাবেশ: একই দাবিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জিরো পয়েন্টে সমাবেশ করে ১৪ দল। বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ১৪ দলের নেতা-কর্মীরা। এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের পর বের করা হয় বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলটি নগরের আরডিএ মার্কেট, সোনাদীঘি মোড়, মালোপাড়া ও গণকপাড়া ঘুরে আবার জিরো পয়েন্টে মিলিত হয়।মিছিলের নেতৃত্ব দেন ১৪ দলের রাজশাহী মহানগর সমন্বয়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।