রাজশাহীতে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৪৪ আসামির বিচার গতকাল শনিবার শুরু হয়েছে।বিডিআরের রাজশাহী সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭-তে বিচারকাজ শুরু হয় গতকাল বেলা ১১টায়। বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কর্নেল নজরুল ইসলাম সরকার। প্যানেলের দুই সদস্য হলেন মেজর আশফাক ও লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দীন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী মো. সেলিম।শুরুতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার নজরুল ইসলাম ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আজ রোববার সকাল আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। ৪৪ জন আসামির মধ্যে ৪০ জন অন্য একটি মামলায় আগে থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। বাকি চারজন—নায়েক গিয়াস উদ্দিন, ল্যান্স নায়েক আবদুল ওহাব, সেপাই আহাম্মদ মোস্তফা ও রুহুল কুদ্দুসকে গতকাল দুপুরে ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করে একই কারাগারে পাঠানো হয়।গত বছর ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরের দিন ২৬ ফেব্রুয়ারি রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯৩ জন বিডিআর সদস্যকে আসামি করে গত বছরের ১৭ মে মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।