রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
রাজশাহীতে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল রোববার থেকে। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রতিভাবান উদ্ভাবকদের উৎসাহিত করা ও সহায়তা দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
রাজশাহী কলেজ চত্বরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট।
সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান ও স্থানীয় সরকারের পরিচালক আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুলতান আবদুল হামিদ।
স্বপন কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, ‘দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া আমরা এক ধাপও চলতে পারি না। একমাত্র বিজ্ঞানচর্চাই আমাদের কুসংস্কারমুক্ত জাতি গঠনে সহায়তা করবে।’ মেলায় বিভাগের আট জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ মেলা। এতে কোনো প্রবেশমূল্য নেই।