রাজশাহীতে বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহী নগরের ছয়টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল নিয়ে কারসাজি করার অভিযোগ পাওয়া গেছে। সাতজন অভিভাবক গতকাল শনিবার জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, পিএন গার্লস স্কুল, রাজশাহী সরকারি (হেলেনাবাদ) বালিকা উচ্চবিদ্যালয়, শিরোইল উচ্চবিদ্যালয় ও সরকারি হাই মাদ্রাসায় গত শুক্রবার সকালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪৫টি আসনের বিপরীতে মোট এক হাজার ৭৯২ জন পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষার ফলাফল জানার জন্য শুক্রবার রাতে সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অপেক্ষায় থাকেন কয়েক শ অভিভাবক। রাত তিনটার দিকে মাইকে প্রথমে দুটি এবং এর আধাঘণ্টা পর আরও একটি বিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা হয়। পরে সকালে পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করা হয়।অভিভাবকদের অভিযোগ, রাতের ঘোষণার সঙ্গে ওই তালিকার ব্যাপক গরমিল রয়েছে। স্বজনপ্রীতির মাধ্যমে ফল পাল্টে দেওয়া হয়েছে। অভিভাবকেরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও মেয়রকে জানান।লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভর্তি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা, ফলাফল তৈরি ও প্রকাশের সময় প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছিলেন। কাজেই এমনটি হওয়ার কথা নয়। তার পরও অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হবে।’এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে পরীক্ষা কেন্দ্রের সচিব ও রাজশাহী সরকারি (হেলেনাবাদ) বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা জানান, ভর্তি কমিটির সব সদস্যের উপস্থিতিতে ফলাফল তৈরি ও প্রকাশ করা হয়। অনিয়মের প্রশ্নই ওঠে না।