রাজশাহীতে বিদ্যুৎ কেন্দ্রের ভবন ধসের ঘটনায় তদন্ত কমিটি
রাজশাহীর কাটাখালীতে ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র পিকিং পাওয়ার প্লান্ট প্রজেক্টের ভবন ধসের ঘটনায় গতকাল রোববার দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও চায়না কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, তাদের সিভিল ডিভিশনের পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিনজন ঢাকার এবং একজন রাজশাহীর। তাঁরা ঢাকা থেকে আজ সোমবার রওনা দিতে পারলে আজই কাজ শুরু হবে। পরবর্তী তিন দিনের মধ্যে কমিটির প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক আবদুল হান্নান বলেন, এই কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তারাও সোমবার (আজ) থেকে কাজ শুরু করবে। তবে পিডিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই গত শনিবার ছাদ ধসে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। পিডিবির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, চায়না কোম্পানি ড্যাংফং ইলেকট্রিক করপোরেশন লিমিটেডের (ডিইসি) কর্মকর্তাদের এ ঘটনায় কারণ দর্শাতে বলা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, এ ঘটনায় শনিবার রাতে পিডিবির পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।