রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয় জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কাটাখালী গ্রিডে কারিগরি ত্রুটির কারণে পুরো নগর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করলেও ভোর থেকে একেবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে ওয়াসার পানির সরবরাহ করা যায়নি। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সমস্যা সমাধানে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল থেকে রাজশাহী নগরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে প্রথম সমস্যা দেখা দেয়। এরপর রাতে কয়েক দফা লাইন ঠিক করার চেষ্টা করা হয়। পরে ভোরের দিকে সর্বশেষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু নগরের বিনোদপুরের ছোট্ট একটা এলাকায় আলাদা লাইন থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এ ছাড়া সারা শহরের কোথায় বিদ্যুৎ নেই। ফলে ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বাসাবাড়িতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেটরের সাহায্যে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে নগরের অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নগরের যেসব বিপণিবিতানে ঈদের কেনাকাটার জন্য প্রতিদিন উপচে পড়া ভিড় থাকে, সেখানে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে রয়েছেন।

রাজশাহী নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার ব্যবসায়ী আরাফাত রুবেল বলেন, ‘সারা রাত বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমোতে পারেননি। সকালে উঠে দেখছেন পানিও নেই। গরমে ছেলেমেয়েরা পড়াশোনাও করতে পারছে না। এখন জীবনযাত্রাই অচল হওয়ার উপক্রম হয়েছে।’

নগরের বিলশিমলা এলাকা থেকে আইনজীবী লায়েব উদ্দিন জানান, তিনি অসুস্থ মানুষ। ঢাকায় তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ঢাকা থেকে সন্ধ্যায় রাজশাহীতে বিমানবন্দরে নামার পরেই দেখছেন রাজশাহী অন্ধকার। সারা রাত ঘুমাতে পারেননি। সকাল থেকে আবার পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এক অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হযরত আলী বলেন, কাটাখালী গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এটা সারাতে হয়তো সারা দিন লেগে যেতে পারে। তাঁরা চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব ত্রুটি সারিয়ে লাইন চালু করা হবে।