রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাটাখালী গ্রিডে কারিগরি ত্রুটির কারণে গোটা নগর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে এই সমস্যা দেখা দিয়েছে। রাতে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করলেও ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার আগে এই ত্রুটি দূর হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এদিকে বিদ্যুৎ না থাকায় নগরে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল থেকে নগরে তুমুল বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটের দিকে প্রথম সমস্যা দেখা দেয়। এরপর রাতে কয়েক দফা লাইন ঠিক করার চেষ্টা করা হয়। ভোরের দিকে সর্বশেষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু নগরের বিনোদপুরের ছোট্ট একটা এলাকায় আলাদা লাইন থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেটরের সাহায্যে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে নগরের অন্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নগরের যেসব বিপণিবিতানে ঈদের কেনাকাটার জন্য প্রতিদিন উপচে পড়া ভিড় থাকে, সেখানে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছেন।
নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার ব্যবসায়ী আরাফাত রুবেল বলেন, সারা রাত বিদ্যুৎ না থাকার কারণে ঠিকমতো ঘুমোতে পারেননি। সকালে উঠে দেখছেন, পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। গরমে ছেলেমেয়েরা পড়াশোনাও করতে পারছে না। এখন জীবনযাত্রাই অচল হওয়ার উপক্রম হয়েছে। নগরের বিল শিমলা এলাকা থেকে আইনজীবী লায়েব উদ্দিন জানান, তিনি অসুস্থ। ঢাকায় তাঁর অস্ত্রোপচার হয়েছে। ঢাকা থেকে সন্ধ্যায় বিমানবন্দরে নামার পরই দেখছেন রাজশাহী অন্ধকারে। সারা রাত ঘুমাতে পারেননি। সকাল থেকে আবার পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে।
রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হজরত আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কাটাখালী গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।