রাজশাহীতে বিমাকর্মী খুন, রংপুরে সেনাসদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল মঙ্গলবার ছুরিকাঘাতে রাসেল আলী (১৯) নামের এক বিমাকর্মী খুন হয়েছেন। তিনি জীবনবিমা করপোরেশনে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।
রংপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক সেনাসদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় এ মামলা করেন গৃহবধূর বাবা মমতাজুর রহমান। আগের দিন ঘটনাটি ঘটে।
রাজশাহীতে নিহত রাসেলের বাড়ি নগরের বুলনপুরের ঘোষপাড়ায়। তাঁর বাবার নাম হাফিজুল ইসলাম। রাসেল জীবনবিমা করপোরেশনের রাজশাহী কার্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। কার্যালয়টি নগরের লক্ষ্মীপুর এলাকায়।
রাসেলের স্ত্রী তিশা খাতুন (১৮) অভিযোগ করেন, তাঁর স্বামী গতকাল দুপুরে অফিস থেকে বাসায় খেতে আসছিলেন। পথে বুলনপুর মন্দিরের সামনে ওই এলাকার হৃদয় হোসেন (২০) ও মুন্না হোসেন (২২) পূর্বশত্রুতার জের ধরে রাসেলকে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা ছুরি দিয়ে রাসেলের বুকে আঘাত করে পালিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক বলেন, বেলা দুইটার দিকে রাসেলকে জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। এ সময় তাঁকে ৪ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই এমদাদুল বলেন, হাসপাতাল থেকে শাকিল হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। শাকিল বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি হামলাকারীদের পক্ষে হাসপাতালে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছিলেন। রাসেলের স্বজনেরা তাঁকে দেখে মারধর শুরু করেন। তখন তাঁকে আটক করে রাজপাড়া থানায় পাঠানো হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সন্ধ্যায় বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। মামলা হলে এজাহারে শাকিলের নাম থাকলে তাঁকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে।
রংপুরে নিহত গৃহবধূর নাম মিতালী বেগম (২৬)। তাঁর স্বামী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি সেনানিবাসে করপোরাল পদে কর্মরত সেলিমুজ্জামান (৩৫)। বাড়ি রংপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট ডাক্তারপাড়ায়।
মামলার এজাহারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন সেলিমুজ্জামান। তখন তাঁর ধাক্কায় মিতালী মাটিতে পড়ে যান। কিন্তু তার আগেই পাশে থাকা রড তাঁর মাথায় ঢুকে যায়। সঙ্গে সঙ্গে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান মিতালী।
গতকাল বিকেলে রংপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
ওসি বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা সেনাবাহিনীর কাছে আবেদন করব। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাসদস্যকে আমাদের কাছে হস্তান্তর করা হবে। তারপর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
ছয় বছর আগে রংপুর নগরের ছিলিমপুর দর্শনা এলাকার মমতাজুর রহমানের মেয়ে মিতালীর সঙ্গে বিয়ে হয় সেলিমুজ্জামানের। তাঁদের সংসারে সায়মা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে।