রাজশাহীতে বিলবোর্ড দখল চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে রাজশাহীতে বিলবোর্ড দখল চলছেই। গতকাল বৃহস্পতিবারও নগরের বিভিন্ন এলাকার বিলবোর্ডে সরকারের উন্নয়নের চিত্র প্রদর্শন করতে দেখা গেছে। আগের দিনের মতোই বিলবোর্ডের মালিকদের না জানিয়েই উন্নয়নের চিত্র টাঙানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, গতকাল নগরের সাহেব বাজার এলাকায় চারটি বিলবোর্ড দখল করা হয়। এলাকার এক্সিম ব্যাংক ভবনের ওপরে একটি বহুজাতিক কোম্পানির শ্যাম্পুর বিজ্ঞাপন ঢেকে আওয়ামী লীগের উন্নয়নের চিত্রসংবলিত স্ক্রিন লাগানো হয়েছে। এটির শিরোনাম দেওয়া হয়েছে ‘দারিদ্র্য বিমোচন’। শিরোনামের নিচে লেখা হয়েছে ‘২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ২২ দশমিক ৫ শতাংশে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ’। এই ভবনের মালিক ওমর আলী বলেন, তাঁদের সঙ্গে কথা বলে এ কাজ করা হয়নি।
নগরের জামাল সুপার মার্কেটের পার্শ্ববর্তী ইউসিবিএল ব্যাংক ভবনের ওপরের বিলবোর্ড দখল করা হয়। এর শিরোনাম দেওয়া হয়েছে ‘বৈদেশিক মুদ্রা অর্জন’। শিরোনামের নিচে লেখা হয়েছে ‘বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও গত অর্থবছরে রেমিট্যান্স-প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ১২ শতাংশ’। এই বিলবোর্ডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম নীলকণ্ঠ। এর মালিক আশরাফুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
নগরের আল হেলাল সুপার মার্কেটের ওপরে একটি বিলবোর্ডে ব্র্যাক ব্যাংকের একটি বিজ্ঞাপন ছিল। তার ওপরেই আওয়ামী লীগের উন্নয়ন প্রচারণার স্ক্রিন লাগানো হয়। এর শিরোনামও ‘বৈদেশিক মুদ্রা অর্জন’। এই বিলবোর্ডটি ভবন মালিকের কাছে থেকে ভাড়া নিয়েছে ঢাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান ইমপ্যাক্ট অ্যাডভারটাইজিং। মুঠোফোনে যোগাযোগ করা হলে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন বলেন, আলোচনা না করেই তাঁদের দুটি বিলবোর্ড দখল করা হয়েছে। তাঁদের অন্য বিলবোর্ডটি ছিল নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। মোহাম্মদ হোসেন জানান, ওই বিলবোর্ড খালি পেয়ে সেটাও তারা দখল করে নিয়েছে।
কুমারপাড়া এলাকার রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশের একতলা ভবনের ওপর একটি বিশাল বিলবোর্ডে পোশাকশিল্পের উন্নয়ন নিয়ে বিজ্ঞাপন দেওয়া ছিল। তবে এই বিলবোর্ডের মালিকের ছোট ভাই সুমন বলেন, তাঁর ভাই বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা, তাই তাঁদের বিলবোর্ড দল চাইলে ব্যবহার করতেই পারে।