রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বুকশেলফ বিতরণ
‘আলোর পাঠশালা’ শীর্ষক লাইব্রেরি গড়ে তোলার জন্য গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র রাজশাহী, পাবনা, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে বুকশেলফ বিতরণ করেছে। গতকাল শনিবার রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের সহকারী পরিচালক মাহাবুব হাসান। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক অলক মৈত্র ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, মান্দা উপজেলার বুড়িদহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পৃথ্বীশ কুমার মণ্ডল ও নওগাঁ সদরের দুবলহাটি রাজা হরনাথ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী নূর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদল নেতা মেজবাহ্ উদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, আলোকিত ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং তাদের জাতীয় শক্তি হিসেবে সংঘবদ্ধ ও সমুন্নত করে দেশের আপামর মানুষের চিত্তের সার্বিক আলোকায়ন ঘটানোর লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৬ বছর ধরে কাজ করে আসছে। বুকশেলফ বিতরণ এই কার্যক্রমের একটি অংশ। এই কার্যক্রম দেশের তরুণ শিক্ষার্থীদের চলার পথে আলো ছড়াবে।