রাজশাহীতে বিষধর সাপ রাসেল ভাইপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বিজিবি পার্ক ‘সীমান্ত অবকাশ’-এর পাশে আজ শনিবার সকালে একটি রাসেল ভাইপার সাপ মেরেছেন বিজিবির সদস্যরা।

রাজশাহী নগরের পদ্মা নদীর ধারে বিজিবির পক্ষ থেকে ‘সীমান্তে অবকাশ’ এবং ‘সীমান্তে নোঙর’ নামে দুটি পার্ক করা হয়েছে। সীমান্তে নোঙরের ক্যানটিন ব্যবস্থাপক নাসির উদ্দিন বলেন, তাঁদের সীমান্তে অবকাশ পার্কের পাশের জঙ্গল পরিষ্কার করার সময় তাঁদের সদস্যরা একটি সাপ মেরেছেন। তখন তাঁরা জানতেন না, এটা কী সাপ। পরে জানতে পারেন, এটা বিষধর রাসেল ভাইপার সাপ।
সাপ মারার সময় ওই এলাকায় সকালে হাঁটতে গিয়েছিলেন রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। তিনি মুঠোফোনে সাপের একটি ছবি তুলে রাজশাহী মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার এবং পেরি-অপারেটিভ মেডিসিন স্পেশালিস্ট, কনসালট্যান্ট এবং আইসিইউ বিভাগের ইনচার্জ চিকিৎসক আবু হেনা মোস্তফা কামালকে দেখান। তিনি সাপটিকে রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।
জানতে চাইলে চিকিৎসক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এটি যে রাসেল ভাইপার, এতে কোনো সন্দেহ নেই।
সর্বশেষ রাসেল ভাইপার সাপের কামড়ে অসুস্থ হয়ে গতকাল বৃহস্পতিবার সকালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ১২ বছর বয়সী একটি শিশু মারা গেছে। ওই দিন বিকেলে বরেন্দ্র অঞ্চলে এই সাপের উপদ্রবের বিষয়ে গোদাগাড়ীতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত এক বছরে এই সাপের কামড়ে বরেন্দ্র অঞ্চলে প্রায় ১৫ জন মারা গেছে। বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি, গোদাগাড়ীর ছয়টি ও পবা উপজেলার একটি গ্রামে এই সাপের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এর ভয়ে শ্রমিকেরা মাঠে কাজে নামছেন না। এসব এলাকায় মাঠে ফসল কাটা ও পরিচর্যায় শ্রমিক-সংকট দেখা দিয়েছে।