রাজশাহীতে বুলবুল-মিনুর বিরুদ্ধে মামলা
রাজশাহীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা হেয়ছে। আজ বুধবার রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম।
মামলার এজহারে এ দুজনসহ বিএনপি-জামায়াতের ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন জানান, গত সোমবার রাতে শিশির পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। তিনি জানান, এই মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অভিযান চলছে।
এ দিকে পেট্রলবোমায় দগ্ধ আম্বিয়া বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের রেশম ভবনের সামনে শিশির পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আম্বিয়া বেগম দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।