রাজশাহীতে বেতন না পেয়ে এনজিওর কার্যালয় ঘেরাও
বকেয়া বেতনের দাবিতে রোববার রাজশাহীর সাসটেইনেবল ট্রেনিং অ্যান্ড রিসার্স (স্টার) নামের একটি এনজিওর কার্যালয় ঘেরাও করেছেন কর্মীরা। নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত এনজিওটির প্রধান কার্যালয় ঘেরাও করায় নির্বাহী পরিচালক জে কে শাহানা বেগম অবরুদ্ধ হয়ে থাকলেও পরে তিনি কৌশলে পালিয়ে যান।কর্মীরা জানান, সংগঠনটি হাইসাওয়া প্রকল্পের আওতায় দুর্গাপুরের কিসমত গণকৈড় ও পবার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় ওয়াটার, স্যানিটেশেন ও ওয়াটশন কার্যক্রম পরিচালনার জন্য ২০০৮ সালের অক্টোবর মাসে ৪২ জন মাঠকর্মী নিয়োগ দেয়। এরপর প্রায় এক বছর এসব কর্মীদের স্টার এনজিওটি নিয়মিত বেতন প্রদান করে এলেও গত বছরের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর কোনো বেতন দেয়নি। এতে দুটি ইউনিয়নের ৪২ জন কর্মীর আট মাসের ছয় লাখের বেশি টাকার বেতন বকেয়া পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোববার দুপুরে প্রতারিত মাঠকর্মীরা এনজিওটির প্রধান কার্যালয় ঘেরাও করেন। এ সময় এনজিওর নির্বাহী পরিচালকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী পরিচালক কৌশলে পালিয়ে গেলে কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।দুর্গাপুরের কিসমত গণকৈড় ইউনিয়নের কো-অর্ডিনেটর শাহজামাল বলেন, ‘আট মাস বেতন বকেয়া রেখে ওই টাকা দেওয়ার জন্য দফায় দফায় সময়ক্ষেপণ করে আসছেন নির্বাহী পরিচালক জে কে শাহানা বেগম।’শাহজামাল আরও বলেন, শুরু থেকেই এনজিওটি নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে গত ডিসেম্বর মাস থেকে হাইসাওয়া প্রকল্প নতুন করে আর ওই এনজিওটির সঙ্গে চুক্তি করেনি।কার্যালয় ঘেরাও এবং নিজে অবরুদ্ধ হওয়ার কথা স্বীকার করে নির্বাহী পরিচালক জে কে শাহানা বেগম বলেন, ‘গত বছরের এপ্রিল মাস থেকে আমরা পরিষদ থেকে টাকা পেয়েছি। সেই পর্যন্ত কর্মীদেরও বেতন দেওয়া হয়েছে। ফান্ড না পাওয়ায় বাকি সময়ের বেতন দিতে পারিনি। আবার টাকা পেলে তাঁদের বেতন পরিশোধ করা হবে।’তবে জানা গেছে, হাইসাওয়া প্রকল্পের চুক্তি অনুযায়ী, কোনো কারণে ফান্ড থেকে টাকা না পেলেও কর্মীদের বেতন বাকি রাখা যাবে না। এনজিও থেকে পরিশোধ করার কথা বলা হয়েছে।