রাজশাহীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কয়েক দিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল। দুই ছাত্রসংগঠন একের পর এক সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবারও পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আর আগের রাতে রাজশাহী কলেজের একটি ছাত্রাবাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জোর তৎপরতা চালায় ছাত্রদল।
শিবির-পুলিশ সংঘর্ষ: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শিবিরের নেতা-কর্মীরা নগরের নিউমার্কেটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ গ্রেপ্তার আট নেতা-কর্মীর মুক্তির দাবিতে তাঁরা এ মিছিল বের করেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহত দুই পথচারী হলেন আবু জাফর হোসেন (৪৫) ও জুলকার নাইন (২৫)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে শিবিরের আহত নেতা-কর্মীদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তা জানা যায়নি।
হল দখলে ছাত্রদলের তৎপরতা: রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের গণরুম থেকে ২৫ ছাত্রকে কয়েক দিন আগে ছাত্রাবাসের মূল ভবনে বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গণরুমে নতুন ছাত্র ওঠানোর জন্য বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়ে যান। তাঁরা প্রধান তত্ত্বাবধায়ক আবদুস সালামকে জানান, এত দিন যাদের কথাতেই ছাত্রাবাস চলুক না কেন, এখন ছাত্রদলের কথায় চালাতে হবে। সম্প্রতি মূল ভবনে পাঠানো ২৫ জন ছাত্রকে পুনরায় গণরুমে ফিরিয়ে আনতে বলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। একই সঙ্গে আগামী চার বছর ছাত্রদলই সিট বরাদ্দ দেবে বলে জানিয়ে আসেন। রাতের ওই ঘটনার পর মূল ভবনে বরাদ্দ পাওয়া ২৫ ছাত্র গতকাল সকালে আবার গণরুমে ফিরে আসেন।
ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার বিষয়ে জানতে চাইলে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মর্তুজা ফাহমিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ এখনো ছাত্রলীগের কথামতো সিট বরাদ্দ দিচ্ছে। ছাত্রলীগ টাকার বিনিময়ে এসব করছে। ছাত্রদল এর প্রতিবাদ করতে গিয়েছিল।’
শিবির-ছাত্রদলের সহিংসতা: ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের আলুপট্টি এলাকায় একাত্তর মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ সাফিকুল আলমের ওপরে ককটেল নিক্ষেপ এবং ওই দিন রাতে ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
পরদিন ১৯ সেপ্টেম্বর নগরের মির্জাপুর এলাকায় ছাত্রলীগের কর্মীদের ওপরে হামলা চালায় শিবির। ২০ সেপ্টেম্বর নিয়ম ভেঙে গ্যাস-সংযোগ না দেওয়ায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কার্যালয়ে হামলা চালায় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরদিন গত শনিবার সন্ধ্যায় ৩০টি তাজা ককটেল ও চার কেজি গান পাউডার উদ্ধার করে পুলিশ।