রাজশাহীতে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা
রাজশাহীতে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত এক সপ্তাহের ব্যবধানে মাদক ব্যবসায়ীরা দুবার পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় চার উপপরিদর্শকসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া গত চার মাসে মাদক ব্যবসায়ীরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করেছে। পুলিশ এসব ঘটনায় কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারেনি। সর্বশেষ গত সোমবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরা গ্রামে পুলিশ মাদকবিরোধী অভিযান চালাতে যায়। সন্ধ্যার পর পুলিশ চারজনকে আটক করে ফেরার সময় ওই এলাকার মাদক ব্যবসায়ী হানিফকে রাস্তায় ফেনসিডিল বিক্রি করতে দেখে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় হানিফ সাদা পোশাকে থাকা পুলিশদের ছিনতাইকারী বলে চিৎকার করে তার সহযোগী মাদক ব্যবসায়ী ও গ্রামবাসীকে ডাকতে থাকে। তার ডাকে মাদক ব্যবসায়ীরা এসে উপপরিদর্শক মুরাদসহ ছয় পুলিশ সদস্যকে বেঁধে রেখে পেটায়। পরে খবর পেয়ে পুঠিয়া থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশের চার উপপরিদর্শক ও নয়জন কনস্টেবল আহত হন। পুঠিয়া থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় উপপরিদর্শক মুরাদ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তবে গত মঙ্গলবার পর্যন্ত তারা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ৭ অক্টোবর রাজশাহীর বাঘায় ফেনসিডিলবোঝাই একটি মাইক্রোবাস পুলিশ আটক করার চেষ্টা করে। এ সময় চার মাদক ব্যবসায়ী একসঙ্গে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রোবাসসহ ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। গাড়িচালকের পরিচয় পাওয়া গেছে। গত ২৮ সেপ্টেম্বর সকালে চারঘাটের চকমুক্তারপুর ও কুঠিপাড়া গ্রামের দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ফেনসিডিল ভাগাভাগি নিয়ে মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও মাদক ব্যবসায়ীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া গত তিন মাসের মধ্যে উপজেলার রাওথা, কালাবিপাড়ায় ফেনসিডিল ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। গত জুনে র্যা বকে খবর দেওয়ার সন্দেহে বাঘায় মাদক ব্যবসায়ীরা সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা চালিয়ে আটকজনকে কুপিয়ে জখম করেছে। তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। খবর পেয়ে র্যা ব গিয়ে একজনকে আটক করে। কিন্তু পুলিশ মামলা রেকর্ড না করায় র্যা ব তাকে ছেড়ে দেয়। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ মামলা রেকর্ড করলেও আসামি গ্রেপ্তার করতে পারেনি। জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার তৌফিক মাহাবুব চৌধুরী বলেন, ‘আমরা একেকটা ঘটনা ধরে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আমাদের চেষ্টায় কোনো ঘাটতি নেই। তবে বর্তমানে পূজার কারণে আমরা পুলিশকে এ কাজে পুরোপুরি ব্যবহার করতে পারছি না।’