রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উচ্ছেদ
রাজশাহী নগরের তালাইমারী এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরের তালাইমারী এলাকার ১৪৫ নাটোর রোডে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়টির নাম আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়টির মালামাল জব্দ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযান চলাকালে ক্যাম্পাসের বাইরে থাকা সাইনবোর্ডও জব্দ করা হয়, যাতে লেখা ছিল ‘ইউজিসি ও গভর্নমেন্ট অ্যাপ্রুভড’। রেজিস্ট্রারের কক্ষের তালা ভেঙে ভেতরের খাতাপত্র ও চেয়ার-টেবিলও জব্দ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, হাইকোর্টের আদেশ পেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রাজশাহী জেলা প্রশাসনের কাছে আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাস উচ্ছেদের নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী আজ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি উচ্ছেদ করা হয়েছে।