রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন
রাজশাহী নগরের বিনোদপুরে গতকাল শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুর রহিম (২২) নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজির (ইউআইটিএস) বিবিএর অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। নিহত আবদুর রহিমের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার গটিয়াপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মোজাফফর হোসেন। আবদুর রহিম নগরের ভদ্রা এলাকায় অবস্থিত চিশতিয়া ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। তাঁরা বাবা মোজাফফর হোসেন একজন ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিনোদপুর বাজারের পাশে মসজিদের সামনে ৮-১০ জন যুবক আবদুর রহিমকে উপর্যুপরি ছুিরকাঘাত করে পালিয়ে যান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একাধিক সূত্র জানায়, বিনোদপুর বাজারের পাশে অজু মিলুয়া নামের একটি বাড়িতে বেশ কিছু শিক্ষার্থী থাকেন। কয়েক দিন আগে কম্পিউটারে গান শোনা নিয়ে এখানকার শিক্ষার্থী সজল ও শয়নের সঙ্গে সাকিব নামের এক শিক্ষার্থীর বাগিবতণ্ডা হয়। এ নিয়ে শুক্রবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সজলকে বের করে দেওয়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সজলের বন্ধু একই বাসার শিক্ষার্থী শয়ন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবদুর রহিমকে ডেকে নিয়ে যান। এ সময় সাকিবের নেতৃত্বে ৮-১০ জন যুবক আবদুর রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আবদুর রহিমের বন্ধু সজল ও শয়নের দাবি, এ ঘটনার নেতৃত্বে ছিলেন সাকিব। আরও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে তিনি আবদুর রহিমকে হত্যা করেছেন। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর বলেন, কী নিয়ে ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।