রাজশাহীতে বেসরকারি-হাসপাতাল ক্লিনিকের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার ডাকা ধর্মঘট আজ বুধবার বিকেল চারটায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে তারা এ ধর্মঘট ডেকেছিল।

সংগঠনের সহসভাপতি ডা. ফয়সাল কবীর চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য এবং রাজশাহীর সিভিল সার্জনের সম্মানে তারা এ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, তাদের আটক দুই কর্মচারীকে ছাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও র‌্যাব সদর দপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে তিনটি হাসপাতালকে সোয়া ৮ লাখ টাকা জরিমানা করে। জরিমানা পরিশোধ না করায় দুটি হাসপাতালের ব্যবস্থাপককে আটক করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেল তিনটা থেকে রাজশাহীর সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম। তাঁর সঙ্গে ছিলেন রাজশাহীর সিভিল সার্জনের প্রতিনিধি স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ হোসেন ও র‌্যাবের স্থানীয় সদস্যরা।

অভিযান চলাকালে তিনটি বেসরকারি হাসপাতাল থেকে বাংলাদেশ ও ভারতের সরকারি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম (সার্জিক্যাল আইটেম) উদ্ধার করা হয়। এর মধ্যে বাংলাদেশের সরঞ্জামগুলো সবই মেয়াদোত্তীর্ণ। এ ছাড়া রোগ নির্ণয় কেন্দ্রের চিকিৎসকদের স্বাক্ষরিত ফাঁকা প্যাড পাওয়া যায়। সেই সঙ্গে অস্ত্রোপচার কক্ষ নোংরা পাওয়া যায়। এসব কারণে তিনটি হাসপাতালকে সোয়া ৮ লাখ টাকা জরিমানা করা হয়।