রাজশাহীতে বোরো আবাদ কমছে
রাজশাহীতে এবার বোরো আবাদ কমেছে। বাজারে ধানের দাম কম হওয়ায় এবং শীতজনিত রোগে বীজতলা নষ্ট হওয়ায় কৃষকেরা এই ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার ৭৪ হাজার ৮৯৬ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবার চাষ হয়েছিল ৭৭ হাজার ২৮৪ হেক্টর জমিতে।কৃষি কর্মকর্তারা জানান, বোরো মৌসুমে ধান চাষ করতে নিরবচ্ছিন্ন সেচ দেওয়া প্রয়োজন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ জন্য কৃষকদের বোরো চাষ কমিয়ে অন্য ফসল আবাদের দিকে উৎসাহিত করার চেষ্টা চালানো হচ্ছে। আর যাঁরা ধান চাষ করছেন, তাঁদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, মেঘলা আবহাওয়া, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে। চারার ওপর শিশির পড়লে সকালে ঝেড়ে ফেলতে হবে। এ ছাড়া কৃষকদের আদর্শ বীজতলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আদর্শ বীজতলার জমির দৈর্ঘ্য তিন মিটার ও প্রস্থ হবে এক মিটার; চারদিকে থাকবে নালা। রাতে চারার ওপর যেটুকু শিশির জমবে, তা নালা দিয়ে নেমে যাবে।গোদাগাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার জানান, ধানের দাম কম দেখে কৃষকেরা বীজতলার পেছনে বেশি খরচ করতে আগ্রহী নন।তানোরের জিওল গ্রামের কৃষক মহসীন রেজা এবার ৭০ বিঘা জমিতে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন। গত সোমবার তাঁর বীজতলায় গিয়ে দেখা গেছে, অনেক চারা হলুদ হয়ে গেছে। কিছু অংশের চারা মরে গেছে। মোজাহার আলী, রফিকুল ইসলাম, এন্তার আলী, আমশো গ্রামের কেদার শেখ ও মোকসেদ আলীর জমির বীজতলারও একই অবস্থা।তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক জানান, এক মণ ধান উৎপাদন করতে এখন ৬০০ টাকা খরচ হয়। আর বাজারে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। তাই কৃষকের ধান আবাদে আগ্রহ নেই।গোদাগাড়ী উপজেলার কৃষক নাজমুল হক জানান, আগে যাঁরা বীজতলায় বীজ ফেলেছেন, তাঁদের অনেকের চারা হলুদ হয়ে মরে যাচ্ছে। তিনি এখনো বীজতলায় বীজ ফেলেননি। ধানের যা দাম, তাতে ধান চাষে কৃষকেরা উৎসাহ পাচ্ছেন না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক নূরুল আমিন জানান, কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে, সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এতে বীজতলার ক্ষতি হতে পারে। তাঁরা কৃষকদের মধ্যে প্রচারপত্র বিলি করেছেন। বোরোর চাষ কমে যাওয়ার ব্যাপারে তিনি জানান, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য কৃষকদের অন্য ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। এ জন্যই ধানের চাষ কিছুটা কম হচ্ছে।