রাজশাহীতে ব্যবসায়ীকে অপহরণ, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত শনিবার সন্ধ্যায় আবার ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মনসুর রহমান (৩২)। তিনি নগরের হড়গ্রাম বাজারের ডিজেল ব্যবসায়ী। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে নগরের আরডিএ মার্কেটে মনসুর রহমানকে চোখ-মুখ বেঁধে কয়েকজন যুবক তুলে নিয়ে যায়। মার্কেটের একজন ব্যবসায়ী বিষয়টি নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে জানান। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টহল দল তাঁদের অনুসন্ধানে নেমে পড়ে। উদ্ধারের পর জানা গেছে, তারা ওই ব্যবসায়ীকে ধরে একটি অটোরিকশায় তুলে নগরের মুন্নুজান স্কুলের কাছে নিয়ে মারধর করে। পরে তাঁকে নগরের মনিবাজার এলাকায় একটি দোকানে আটকে রাখে। পুলিশ তাদের পিছু নিয়ে সেখান থেকেই মনসুর রহমানকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী মাইক্রোবাসের চালক জেমস (২৭), আরডিএ মার্কেটের দোকানি সুমন (২৭) ও রিমনকে (২৮) আটক করে।ব্যবসায়ী মনসুর রহমান পুলিশকে জানিয়েছেন, গত ঈদের সময় এ তিন যুবক তাঁর দোকানে গিয়ে ৯০ টাকায় দুই লিটার ডিজেল কিনতে চাইলে তিনি ১০০ টাকার কমে দিতে চাননি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারা নগরের সাহেববাজার এলাকায় এলে মনসুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত শনিবার সন্ধ্যায় মনসুর রহমানকে এ এলাকায় পেয়ে তারা অপহরণ করে।এ ঘটনায় মনসুর রহমানের ভাই সাহাবুল হোসেন বাদী হয়ে রাতেই পাঁচজনকে আসামি করে নগরের বোয়ালিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক ইমাউল হক বলেন, আসামিদের গতকাল রোববার সকালে রাজশাহী মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলহাজতে পাঠান। পলাতক আসামি মাইক্রোবাসের চালক রুবেল (২৬) এবং দোকানি তুষারকে (২৮) গ্রেপ্তারের চেষ্টা চলছে।