নছিমন, করিমন ও ভটভটি চলাচলের পক্ষে অবস্থান নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য আয়েন উদ্দিনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাজশাহী পরিবহনমালিক ও শ্রমিকনেতারা। শিগগিরই অবৈধ যান চলাচল বন্ধ না করলে পরিবহননেতারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
গতকাল সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহননেতারা এ ঘোষণা দেন। তাঁরা বলেন, ‘এখানে আমাদের রুটি-রুজির বিষয় রয়েছে। কে মন্ত্রী আর কে এমপি, এসব দেখা হবে না।’
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীর চারঘাট-বাঘা ও পবা-মোহনপুরে নছিমন, করিমন ও ভটভটি চলাচলের পক্ষে শাহরিয়ার আলম ও আয়েন উদ্দিন অবস্থান নিয়েছেন। এটা জানার পরেই তাঁরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তাঁরা বলেন, গত ৯ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েক দিন পর আবারও মহাসড়কগুলোতে ওই সব অবৈধ যানবাহন চলাচল শুরু করে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ সদস্য আয়েন উদ্দিন তাঁদের নির্বাচনী এলাকায় এসব যান চলাচল করতে উৎসাহিত করছেন। আমরা তাঁদের সময় দিতে চাই। শিগগিরই এসব যান চলাচল বন্ধ না করলে আমরা আন্দোলনে যাব।’
রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেগুলোর বাস্তবায়ন দেখতে চাই। মানুষের দুর্ভোগ বাড়িয়ে ধর্মঘটে যেতে চাই না। কিন্তু প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহসভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা, সাধারণ সম্পাদক শফিকুল আলম, রাজশাহী জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আলমগীর মোরশেদ, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সদস্য মাইনুল কবির, সাফকাত মঞ্জুর ও মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।
গত শনিবার রাজশাহীর বাঘায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, তাঁর নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাটের কোনো রাস্তাই মহাসড়কের আওতায় পড়ে না। সেই জন্য এই এলাকার রাস্তায় নছিমন, করিমন ও ভটভটি চলাচলে কোনো বাধা নেই। কাল (রোববার) থেকেই ভটভটি চালকেরা গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারেন।
গতকাল সংবাদ সম্মেলনের পরে আর শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।