রাজশাহীতে ভটভটি চালকদের বিক্ষোভ
সড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন-করিমন-ভটভটি চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে বিক্ষোভ করেছেন চালকেরা৷ দাবি অাদায়ে সাত দিনের আলটিমেটাম দিয়ে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বিভিন্ন উপজেলার ভটভটিচালক ও মালিকেরা তাঁদের গাড়িতে হলুদ পতাকা তুলে স্লোগান দিতে দিতে নগরের কোর্ট শহীদ মিনার চত্বরে পূর্ব নির্ধারিত সমাবেশ অভিমুখে যেতে থাকেন৷ এ সময় তাঁদের নগরের বিভিন্ন প্রবেশমুখে বাধা দেয় পুলিশ৷ এ খবর ছড়িয়ে পড়লে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় শতাধিক ভটভটি শ্রমিক লাঠি নিয়ে বাস চলাচল বন্ধের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন৷ খবর পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়৷ পরে রাজশাহী নগরের কাছে েমাল্লাপাড়া এলাকায় বিক্ষোভ করেন তাঁরা৷ সেখানে রাজশাহী জেলা নসিমন-করিমন ঐক্য পরিষদের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও বাগমারা উপজেলার সভাপতি আবু তালেব৷
বক্তারা বলেন, রাজশাহী জেলায় এসব যানবাহনের সঙ্গে লক্ষাধিক শ্রমিক জড়িত৷ আর উত্তরাঞ্চলে এর সংখ্যা প্রায় ১৫ লাখ৷ কিন্তু এক সপ্তাহ ধরে তাঁদের জীবিকার পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন৷
পরে সেখান থেকে স্মারকলিপিসহ পুলিশের গাড়িতে করে তাঁদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসনের কার্যালয়ে যান৷ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আ ন ম বজলুর রশীদ তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন৷
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে সড়কে নসিমন-করিমন-ভটভটি চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সড়কে হয়রানি-নির্যাতন বন্ধ, গাড়ি ও চালকের লাইসেন্স প্রদান এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়াসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব যানবাহনের উন্নতিতে জাতীয় নীতিমালা প্রণয়ন করা৷
মহানগর পুলিশ কমিশনার মাহাবুর রহমান বলেন, নিরাপত্তার কারণে কোর্ট শহীদ মিনার চত্বরে তাঁদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি৷ তবে মোল্লাপাড়ায় তাঁরা সমাবেশ করেছেন৷