রাজশাহীতে ভাইবোন ও মা হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের সাতবাড়িয়া এলাকার কলেজ পড়ুয়া এক তরুণী, তাঁর বৃদ্ধ মা ও বড় ভাই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তরুণীর ভাইয়ের ভাষ্যমতে, তাঁর বোন বখাটেদের উত্ত্যক্তের শিকার হলে পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর জের ধরে বখাটেরা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়। এ ঘটনার পর তাঁর বোনের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। আসামিরা পলাতক। হামলার আগে জিডি প্রসঙ্গে ওসি বলেন, ওই তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে ১১ মে জিডি করলে পুলিশ সাতবাড়িয়া এলাকার রাসেল (২২), রিংকু (১৯) ও ডালিমকে (২৩) আটক করে। ওই দিন রাতেই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই তরুণীর ভাই জানান, জিডি করার জের ধরে বৃহস্পতিবার রাসেল, রিংকু ও ডালিমসহ ১০ জন বাড়ির সামনে তাঁর বোনকে লাঠিপেটা করে। ৭০ বছর বয়সী মা এলে বখাটেরা তাঁকে শাবল দিয়ে আঘাত করে। মায়ের চিৎকারে এগিয়ে গেলে তারা তাঁকে কুপিয়ে জখম করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।