রাজশাহীতে ভুল বানানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে রাজশাহীর বেশ কয়েকজন নেতা স্থানীয় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। এমনকি একজন সাংসদ তাঁর ফেসবুক স্ট্যাটাসেও লিখেছেন। তাঁরা শেখ মুজিবুর রহমানের ‘মুজিবুর’ শব্দটি লিখেছেন ভুল বানানে।
গতকাল শুক্রবার রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞাপন দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান। সেখানে শেখ মুজিবুর রহমান-এর স্থলে লেখা হয়েছে ‘শেখ মজিবর রহমান’।
একই দৈনিকে নগরের রাজপাড়া থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুল আলম বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর নামটি লিখেছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন তাঁর ফেসবুকে ১২ আগস্ট পবা উপজেলা যুবলীগের কার্যালয় উদ্বোধনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘পবা উপজেলা যুবলীগের কার্যালয় উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ “মূজিবূর” রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে।’ মুজিবুর বানানটি তিনি লিখেছেন ‘মূজিবূর’।
এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ আয়েন উদ্দিন প্রথমে জানতে চান তাঁর ফেসবুকে এমন বানান লেখা হয়েছে কি না। বিষয়টি নিশ্চিত করলে তিনি বলেন, তাঁর ‘এপিএস’ ফেসবুকটা চালায়। তিনি তাঁর সঙ্গে কথা বলবেন।