রাজশাহীতে ভুয়া কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ঘুষ নিতে গিয়ে এ কে এম রাজিবুজ্জামান (৩০) নামের এক প্রতারক পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে একটার দিকে নগরের আলুপট্টি মোড় থেকে তাঁকে আটক করা হয়। রাজিবুজ্জামানের বাড়ি দিনাজপুরের মুন্সিপাড়া এলাকায়। বোয়ালিয়া মডেল থানার ওসি আবদুস সোবহান জানান, রাজিবুজ্জামান চাকরি দেওয়ার নামে নগরের কাজিহাটা এলাকার অধিবাসী শাহীনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেন। দীর্ঘদিন পার হলেও শাহীন চাকরি না পেয়ে রাজিবুজ্জামানের প্রতারণা বুঝতে পারেন। পরে গতকাল আবারও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজিবুজ্জামানকে রাজশাহীর আলুপট্টি মোড়ে নিয়ে আসেন শাহীন। এ সময় তাঁকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।