রাজশাহীতে ভুয়া চিকিৎসকসহ দুজন গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।অভিযানকালে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, তাঁরা এশিয়ান ল্যাব নামের একটি ক্লিনিকে গিয়ে রোগী দেখার সময় হাতেনাতে নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁর বাড়ি নগরের বহরামপুর এলাকায়। এশিয়ান ল্যাবের কোনো অনুমোদন নেই। নুরুল ইসলাম সাইফুল ইসলাম নামের একজন চিকিৎসকের নামে রোগী দেখেন। তিনি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। এসব পরীক্ষা-নিরীক্ষা তিনি তাঁর ল্যাবরেটরি থেকে করার পরামর্শ দেন। সেখানো কোনো প্যাথলজিস্ট নেই। নুরুল ইসলাম নিজেই শহীদুল্লাহ নামের একজন প্যাথলজিস্টের নাম ব্যবহার করে কোনো পরীক্ষা না করেই শুধু রিপোর্ট তৈরি করে দেন।রেজ্জাকুল ইসলাম জানান, তাঁর কাছে নুরুল ইসলাম অকপটে এসব কথা স্বীকার করেছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নুরুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী তাঁরা ক্লিনিকের ব্যবস্থাপক বাপ্পীকে গ্রেপ্তার করেন। তাঁরা রাজ প্যাথলজিতে গিয়ে দেখতে পান, একজন ভুয়া টেকনিশিয়ান এক্স-রে মেশিন চালাচ্ছেন। রাজ প্যাথলজিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁরা অভিযানকালে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে কোনো প্যাথলজিস্ট পাননি। এই সেন্টারের কোনো অনুমোদনও নেই। যাঁরা কাজ করছিলেন, তাঁদের কোনো প্রশিক্ষণ বা সনদ নেই। রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।