রাজশাহীতে ভয়াবহ সংঘর্ষ, মেয়রসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজের সামনের সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে অবরোধকারীরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
রাজশাহী কলেজের সামনের সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে অবরোধকারীরা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

অবরোধ এবং আধা বেলার হরতাল চলাকালে আজ বুধবার রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে সিটি করপোরেশনের মেয়রসহ ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি নগরের মালোপাড়া ও সোনাদীঘি মোড় হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। সকাল সোয়া আটটার দিকে পুলিশ সাঁজোয়া যান দিয়ে রাস্তায় বসে থাকা নেতা-কর্মীদের সরিয়ে যেতে বলে। তখন নেতা-কর্মীরা পালাতে শুরু করেন। পুলিশের ওই গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে থাকলে নেতা-কর্মীরা রাজশাহী কলেজের ভেতরে অবস্থান নেন। পুলিশ কলেজের বাইরে থেকে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে কলেজের প্রশাসন ভবনের সামনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিএনপির নেতা-কর্মীদের ছোড়া ককটেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ  এ সময় ১১ জনকে আটক করে।

ধাওয়া করে রাজশাহী কলেজের ভেতরে একজন অবরোধকারীকে আটক করে পুলিশ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
ধাওয়া করে রাজশাহী কলেজের ভেতরে একজন অবরোধকারীকে আটক করে পুলিশ। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী


এ সংঘর্ষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ দলের নেতা-কর্মী আহত হন।
রাজশাহী সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী আবু জাফর টুটু প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন, সাবেক মেয়র মিজানুর রহমানসহ দলের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, বিএনপির নেতা-কর্মীদের ককটেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকায় পুলিশ আটক করেছে ১১ জনকে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে আজ আধা বেলা হরতাল পালিত হয়।