রাজশাহীতে মফস্বলের বিদ্যালয়গুলোতে ফল বিপর্যয়
রাজশাহীতে জেএসসি পরীক্ষার ফলাফলে গ্রামের বেসরকারি বিদ্যালয়গুলো পিছিয়ে পড়েছে। উপজেলা সদরের নামকরা বেসরকারি বিদ্যালয়গুলোতেও ফল বিপর্যয় ঘটেছে। এসব বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা জিপিএ-৫ পায়নি বললেই চলে। এ ছাড়া ৩৬টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এগুলোর সবই উপজেলা পর্যায়ের বিদ্যালয়। চারঘাট উপজেলা সদরের চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ে ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আবার এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এই উপজেলায় সারদা পাইলট উচ্চবিদ্যালয়ে শতভাগ পাস করেছে এবং ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। চারঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরিন মাহবুব বলেন, বোর্ডের ফলাফল এবার তুলনামূলক খারাপ। এর মধ্যে উপজেলা সদরের বেসরকারি বিদ্যালয়গুলোর ফল আরও বেশি খারাপ।বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয় বরাবরই ভালো ফলের তালিকায় থাকে। এবার এ বিদ্যালয়ের ফল বিপর্যয় ঘটেছে। ফলাফল নিয়ে অভিভাবক ও শিক্ষকেরা হতাশ। এই বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় পাসের হার ৫৯ শতাংশ। এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কুমার ঘোষ বলেন, প্রথমবারের মতো এই পরীক্ষায় শিক্ষার্থীরা বুঝে উঠতে পারেনি। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যেই হতাশা দেখা দিয়েছে। এই উপজেলার ভালো বিদ্যালয়ের তালিকায় রয়েছে মনিগ্রাম উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ে তুলনামূলক পাসের হার একটু ভালো হলেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৬ শতাংশ পাস করেছে। এই বিদ্যালয় থেকে একজন মাত্র জিপিএ-৫ পেয়েছে। জানা গেছে, এই উপজেলা থেকে দুজন মাত্র জিপিএ-৫ পেয়েছে। মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব শফিকুল ইসলাম বলেন, এ উপজেলায় কোনো বেসরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। তিনি বলেন, উপজেলার নামকরা বেসরকারি উচ্চবিদ্যালয় বসন্ত কেদার উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করলেও কোনো জিপিএ-৫ নেই। তিনি বলেন, প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ব্যাপারে শিক্ষক ও শিক্ষার্থী কারোরই পূর্ব ধারণা ছিল না। আর পরীক্ষাও একটু আগাম হয়ে গেল। এ জন্য এমন হয়েছে।