রাজশাহীতে মশা নিধনে গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের ভেতর কিংবা রাস্তাঘাট, চায়ের দোকান থেকে খোলা মাঠ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ কিংবা অফিসের টেবিল। ঘরে-বাইরে সবখানে মশার উৎপাত। দিন-রাত মশার যন্ত্রণায় ছটফট করছেন রাজশাহী নগরবাসী।

এদিকে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় ভেঙে পড়েছে সিটি করপোরেশনের মশক নিধন অভিযান। গত ১৫ ফেব্রুয়ারি থেকে যে মশক নিধন অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন, তাকে নামমাত্র অভিযান মনে করছেন নগরবাসী। প্রতি ওয়ার্ডে যেখানে প্রয়োজন ১২০ থেকে ১৩০টি মেশিন, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র ১০টি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মশক নিধন অভিযান। এই অভিযান চলবে ২৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সিটি করপোরেশনের পাঁচটি করে ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। নগরের ৩০টি ওয়ার্ডে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করা হয়। গতকাল শনিবার নগরের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত ওষুধ ছিটানো হয়। আজ রোববার ২০ থেকে ২৪ নম্বর ওয়ার্ডে স্প্রে করা হবে।

সিটি করপোরেশনের মশক নিধন অভিযানের দায়িত্বে থাকা পরিচ্ছন্নতা পরিদর্শক মো. সানাউল্লাহ জানান, নগরের ১৭, ২৬, ২৯, ৩০ নম্বর ওয়ার্ডের মতো বড় ওয়ার্ডগুলোর পুরোটা স্প্রে করতে হলে প্রয়োজন হয় ১২০ থেকে ১৩০টি ফগার মেশিন। সিটি করপোরেশনের বাজেট না থাকায় প্রতি ওয়ার্ডে মাত্র ১০টি মেশিনে ওষুধ ছিটানো হচ্ছে। এই পরিমাণ রাসায়নিক দিয়ে শুধু ওয়ার্ডগুলোর বড় ড্রেনগুলোতে স্প্রে করা হচ্ছে। বাসাবাড়ির আনাচে-কানাচে স্প্রে করা সম্ভব হচ্ছে না।

সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, সারা বছর মশক নিধন অভিযান পরিচালনা করার জন্য প্রায় দুই কোটি টাকার প্রয়োজন হয়। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ—এই ৩৫ দিন মশক নিধন অভিযান পরিচালনার জন্য রাজস্ব খাত থেকে মাত্র ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় খুবই অল্প।

নগরবাসী বলছেন, কয়েল, অ্যারোসল কিংবা অন্য কোনো উপায়েও মশার যন্ত্রণা থেকে রেহাই মিলছে না। বিশেষ করে সন্ধ্যার পর মশার কামড়ে ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে সমস্যা হচ্ছে। মশার কামড়ে ঘরে বসে থেকে পড়া দায় হয়ে পড়ছে তাদের। আবার অফিস-আদালতেও মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন কর্মকর্তা-কর্মচারীরা। অফিসের টেবিলের নিচে পা দিলেই কামড় দিচ্ছে মশা।

রাজশাহী নগরের মোন্নাফের মোড় এলাকায় একটি বাসায় থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মমিদুর রহমান বলেন, ‘রাতে টেবিলে গিয়ে পড়তে বসলেই মশার কামড়। বাধ্য হয়ে মশারির মধ্যে ঢুকে পড়াশোনা করতে হয়।’ ভদ্রা এলাকার বাসিন্দা আবদুস সোবহান বলেন, নগরের ড্রেনগুলোতে কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চোখে পড়ে না। ফলে ড্রেনে পানি ও ময়লা-আবর্জনা জমে অতিমাত্রায় মশা জন্মাচ্ছে। এত মশার উৎপাতে টেকা দায় হয়ে পড়েছে। নগর সংস্থায় নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতায় না থাকায় সব খাতেই বাজেট একেবারে কমে গেছে। যার প্রভাব মশক নিয়ন্ত্রণ অভিযানেও পড়েছে বলে মনে করছেন সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা।

যোগাযোগ করা হলে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অর্থাভাবে যে অভিযানটি চলছে, তা পর্যাপ্ত নয়। এ ছাড়া মশার বংশবৃদ্ধি রোধ করতে ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো আরও কার্যকর করার চেষ্টা আমাদের আছে। এগুলো সময় নিয়ে করতে হবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে তা সম্ভব হবে।’