রাজশাহীতে মহাসড়ক থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
লাশ

ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় এই ব্যক্তি নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোরে দেওয়ানপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর একটি লাশ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় তা ক্ষতবিক্ষত হয়ে বিকৃত হয়ে গেছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরনে লুঙ্গি ও শার্ট ছিল। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে যানবাহনের নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হবে। পরে লাশটি আঞ্জুমান মুফিদুলের কাছে দেওয়া হবে।