রাজশাহীতে মাইকিং করে আলু বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে নিয়ে আসা গোল আলু রাজশাহীর বিভিন্ন উপজেলায় মাইকিং করে বিক্রি হচ্ছে। আড়াই থেকে তিন টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বলে বেশির ভাগ মানুষ গোখাদ্য হিসেবেই কিনছেন এই আলু। এই আলু ব্যবসায়ীরা ৮৪ কেজি আলুর বস্তা ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি করছেন।
মাইকিং করে বিক্রি করা আলুর খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সন্ধ্যায় রংপুর থেকে আলুর ট্রাক নিয়ে বের হচ্ছেন। পরদিন সকালে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ট্রাক থেকে আলু নামিয়ে ভটভটিতে (সেচযন্ত্রচালিত যান) করে বিক্রি করছেন। তাঁরা ভটভটিতে মাইক বেঁধে নিচ্ছেন। আবার কোনো কোনো বাজারে তাঁরা আলুর বস্তা স্তূপ করে সেখান থেকে মাইকিং করে ক্রেতাদের সস্তায় আলু কেনার জন্য ডাকছেন।
গতকাল রোববার রাজশাহীর চারঘাট উপজেলার ফরিদপুর মোড়ে দেখা মেলে একটি আলুর গাড়ির সঙ্গে। মালিক এনামুল হক আলুর বস্তার ওপরে বসে রয়েছেন। আর সামনে বসে এক যুবক মাইকিং করছেন। গাড়ি থামাতে বলার সঙ্গে সঙ্গে এনামুল মান যাচাইয়ের জন্য বস্তা থেকে আলুর নমুনা বের করে ক্রেতার হাতে দিচ্ছেন। গ্র্যানুলা জাতের আলু।
জানতে চাইলে এনামুল বলেন, তাঁরা ছয় ব্যবসায়ী মিলে প্রতিদিন রংপুর থেকে এক ট্রাক আলু নিয়ে আসেন। ১৫ দিন ধরে তারা এই কাজ করছেন। প্রতিদিন সকাল আটটায় ভটভটিতে মাইক বেঁধে তাঁরা বিক্রি করতে বের হচ্ছেন। সারা দিনে তাঁদের এক ট্রাক আলু বিক্রি হয়ে যাচ্ছে। এনামুল বলেন, এক ট্রাক আলু বিক্রি করে সব খরচ মিটিয়ে তাঁদের প্রায় চার হাজার টাকা মুনাফা হচ্ছে।
বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে বিক্রেতারা ভটভটি থেকে আলুর বস্তা নামিয়ে এক জায়গায় স্তূপ করে মাইকিং করছেন। এই আলু কেউ কেউ খাওয়ার জন্য কিনছেন। তবে বেশির ভাগ ক্রেতা গরুকে খাওয়ানোর জন্যই কিনছেন। বাঘা উপজেলার গোচর গ্রামের মন্টু আলী ৪০০ টাকায় দুই বস্তা আলু কিনেছেন। তিনি বলেন, অল্প দামের আলু দেখে গরুকে খাওয়ানোর জন্য কিনেছেন তিনি।
এদিকে রাজশাহীর বিভিন্ন হিমাগারে খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় আলু এখন ১০০ থেকে ১৫০ টাকা বস্তা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে।
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের আলুচাষি ও ব্যবসায়ী এ কে আজাদ বলেন, তিনি এবার এক হাজার ১০০ বস্তা আলু মাত্র ১৫০ টাকা দরে বিক্রি করেছেন। গতবার ১০০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। মুনাফার আশায় আরও তিন হাজার বস্তা আলু কিনে রেখেছিলেন। তার সব মিলিয়ে ৩৫ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।
পবা উপজেলার মাধবপুর গ্রামের কৃষক শামসুল হুদা বলেন, এখনো হিমাগারে তাঁর ৫০০ বস্তা আলু রয়েছে। এখন ১০০ টাকা বস্তা বিক্রি করতে হবে। অথচ হিমাগারের ভাড়াই হচ্ছে ৩৫৯ টাকা। এক বস্তা আলু বিক্রি করলে পকেট থেকে আরও ২৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। তিনি বলেন, তাঁর আড়াই হাজার বস্তা আলু ছিল।
হিমাগার মালিকদের চাপে এর আগে ৬০০ টাকা বস্তা দরে বিক্রি করেছিলেন। লাভের আশায় ৫০০ বস্তা রেখেছিলেন।