রাজশাহীতে মাঠ 'হত্যা'র প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে খেলার মাঠ দখলে নিয়ে ভবন নির্মাণের কাজ চলছে (ইনসেটে)। প্রতিবাদে গতকাল খেলোয়াড়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মীরা মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো
রাজশাহী নগরে খেলার মাঠ দখলে নিয়ে ভবন নির্মাণের কাজ চলছে (ইনসেটে)। প্রতিবাদে গতকাল খেলোয়াড়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মীরা মানববন্ধন করেন l ছবি: প্রথম আলো

ব্যাট-বল হাতে সারি সারি খেলোয়াড়, পাশেই রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। আছেন অন্য শ্রেণি-পেশার লোকজনও। সবাই দাঁড়িয়েছেন মানববন্ধনে, খেলার মাঠ হত্যার প্রতিবাদ জানাতে।
গতকাল রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই মানববন্ধনের আয়োজন করে। রাজশাহী উপশহরে স্যাটেলাইট টাউন হাইস্কুলের খেলার মাঠ দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদ জানাতে একাত্ম হয়েছেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষ থেকে ‘জাগো মানুষ জাগো’ শিরোনামে লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তারা খেলার মাঠ হত্যা বন্ধ করে শিশু-কিশোরদের সুস্থ জীবন গড়ে তোলার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। একই সঙ্গে উপশহর খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লিয়াকত আলী, সাইদুর রহমান, শাহজাহান আলী বরজাহান, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, সচেতন নাগরিক কমিটির সদস্য মনিরা রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) রাজশাহী বিভাগীয় সমন্বয়ক তন্ময় সন্যাল, ইয়ং ক্রিকেট স্কুলের খেলোয়াড় উৎপল, ক্রিকেট প্রশিক্ষক জামিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষানগর রাজশাহীতে খেলার মাঠ থাকায় দেশে অনেক ক্রীড়াবিদ তৈরি হয়েছে। যে মাঠে চর্চা করে তারা জাতীয় পর্যায়ে রাজশাহীর সুনাম করেছেন, সেই মাঠ এখন দখলের চক্রান্ত চলছে। একের পর এক বহুতল ভবন নির্মাণ করায় ক্রমেই সংকুচিত হয়ে আসছে খেলার মাঠ।
বক্তারা অবিলম্বে খেলার মাঠে বহুতল ভবন নির্মাণকাজ বন্ধ করার জোর দাবি জানান। আগামী দুই দিনের মধ্যে নির্মাণকাজ বন্ধ করা না হলে রাজশাহীর সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
রাজশাহী নগরের উপশহরে স্যাটেলাইট টাউন হাইস্কুলের মাঠে শিক্ষা অধিদপ্তর ছয়তলা ভিতের দ্বিতল ভবন নির্মাণ করছে। ইতিমধ্যে সেখানে পাইলিং ও ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এ নিয়ে ১৭ জানুয়ারি প্রথম আলোর মহানগর পাতায় ‘একটি মাঠ হত্যার আয়োজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।