রাজশাহীতে মাদক ব্যবসা ছাড়ার পর পুনর্বাসন-সহায়তা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের উদ্যোগে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ীদের পুনর্বাসনে রাজশাহী মহানগর পুলিশ গতকাল বৃহস্পতিবার নগরের খরবনা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২০ মাদক ব্যবসায়ীর মধ্যে নগদ টাকা, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়। রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা-পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসার বিরুদ্ধে ওই এলাকায় একটি সচেতনতামূলক সভা করা হয়। ওই দিন এলাকার বেশ কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেন। তবে তাঁরা পুলিশের কাছে নিজেদের পুনর্বাসনের দাবি জানান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে এই পুনর্বাসন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারজন নারীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। আর এক ব্যক্তিকে দেওয়া হয় একটি ভ্যান। এ ছাড়া বাকি ১৫ নারী-পুরুষকে দেওয়া হয় পাঁচ হাজার করে নগদ টাকা। পুনর্বাসিত ১৪ জনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম তাঁদের হাতে এসব সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দিন। স্বাগত বক্তব্য দেন বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

মাদক ব্যবসায়ী মধ্যবয়সী শেফালি বেগম মঞ্চে উঠে বলেন, ‘আমি ভুল করেছি। আমি আর মাদক বেচতে চাই না। আমি নিজে বাঁচতে চাই, সমাজকে বাঁচাতে চাই।’

পুলিশ কমিশনার বলেন, যাদের নামে মামলা রয়েছে সেসব মামলা তার নিজস্ব গতিতেই চলবে। তবে তারা যদি প্রকৃতপক্ষেই মাদক থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন, তবে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বিষয়টি জানানো হবে। আদালত তখন তাঁদের বিষয়টি বিবেচনা করতেও পারেন।