রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে মানববন্ধন
রাজশাহীতে মাদকের সহজলভ্যতা, বিক্রয়, ও সেবন রোধে মাদকের ভয়াবহতার ব্যাপারে জনমত সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিশন’-এর উদ্যোগে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ কয়েকটি সংগঠন এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয়। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উদ্যোক্তা সংগঠনের সভাপতি গোলাম নবী।
এতে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচার অভিযানের (সুপ্র) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান খান, আমরা প্রবীণ-এর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, কনজ্যুমার রাইটস সোসাইটির সহসভাপতি গোলাম কিবরিয়া, ‘এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিশন’-এর সহসভাপতি আরাবিউন হোসেন প্রমুখ।
বক্তারা মাদকের বিস্তারের জন্য রাজনৈতিক নেতা, প্রশাসন ও বিজিবির মদদের অভিযোগ তোলেন। তাঁরা বলেন, পুলিশ তো প্রোটোকল নিয়েই ব্যস্ত থাকে। তারা মাদক প্রতিরোধে কোনো ভূমিকা রাখার সুযোগ পায় না। এ জন্য ব্যাপক আন্দোলনের পরও প্রশাসন কোনো দৃঢ় পদক্ষেপ নেয় না। তাঁরা আরও বলেন, প্রশাসন মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।