রাজশাহীতে মাসব্যাপী স্কুলভিত্তিক পরিবেশ অলিম্পিয়াড উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত বৃহস্পতিবার স্কুলপর্যায়ের মাসব্যাপী পরিবেশ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক জালাল উদ্দিন সরদার। ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে এ অলিম্পিয়াডে ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ অলিম্পিয়াডের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘পরিবেশ রক্ষাই সবার সুরক্ষা’। প্রজন্ম-প্রকৃতির জন্য মমতা, দিশারি-রাজশাহী এবং বাংলাদেশ লাইভ স্টক সোসাইটির সহযোগিতায় এই আয়োজনে মুখ্য ভূমিকা পালন করে ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেন কর্মসূচির আওতায় আমার পরিবেশ নামক সোস্যাল অ্যাকশন প্ল্যান এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মাওলার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক হেমায়েতুল ইসলাম, পরিবেশকর্মী জুবায়ের আহমেদ, মোস্তাফিজুর রহমান, আলী আকবর, রাফিকুর রহমান, আমার পরিবেশ-সোস্যাল অ্যাকশন প্লানের সমন্বয়ক রাতুল, শারমিন আক্তার, নাফিসা তাসলিম, হাসিবুর রহমান, গোলাম দস্তগীর প্রমুখ।
বক্তারা বলেন, নগরে নির্বিচারে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও মানুষের নানা ধরনের অপরিণামদর্শিতামূলক কর্মকাণ্ডের প্রভাব থেকে পদ্মা নদীসহ ছোট নদীগুলোকে রক্ষা করতে হবে। এ এলাকায় পর্যটনশিল্পের বিকাশ করতে হবে। জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব এবং আমাদের করণীয় সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করে তুলতে হবে।
পরিবেশবিষয়ক সাধারণ জ্ঞানের ৪০ মিনিটের পরীক্ষা, নির্বাচিতদের নিয়ে উদ্ভাবনী পর্ব; অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্ব, পরিবেশ সচেতনতার নানা বিষয়ের প্রশ্ন-উত্তর ও খোলামেলা মতবিনিময়, পরিবেশ রক্ষার শপথ ও পুরস্কার বিতরণী এ ধরনের নানা আয়োজনে মুখরিত ছিল পরিবেশ অলিম্পিয়াড। এ অলিম্পিয়াডের নানা পর্বে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিবেশকর্মী ও আয়োজক প্রতিষ্ঠানসমূহের নেতারা উপস্থিত থেকে অভিজ্ঞতা বিনিময় করেন ও অনুষ্ঠানকে সফল করে তুলতে ভূমিকা পালন করেন।