রাজশাহীতে মিছিল নিয়ে পুলিশকে শিবিরের ধাওয়া
রাজশাহী নগরের অলকার মোড় এলাকায় গতকাল বুধবার ঝটিকা মিছিল নিয়ে পুলিশকে ধাওয়া দিয়েছে ইসলামী ছাত্রশিবির। তাদের ধাওয়া খেয়ে পিকআপ ভ্যান নিয়ে পুলিশ ওই স্থান ত্যাগ করে। পরে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সাতজনকে আটক করা হয়। গত ডিসেম্বরে অলকার মোড়ে এ রকম তিনটি ঝটিকা মিছিল বের করেন শিবির কর্মীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে অলকার মোড়ে একটি পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন পুলিশ টহল দিচ্ছিলেন। বেলা তিনটার দিকে নগরের নিউমার্কেট এলাকা থেকে ছাত্রশিবিরের কয়েক শ নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল নিয়ে আসেন। তাঁরা অলকার মোড়ে পুলিশের ভ্যান দেখে ধাওয়া দেন। দ্রুত গাড়ি ঘুরিয়ে রানীবাজার এলাকার দিকে চলে যায় পুলিশ। এক পুলিশ সদস্য উঠতে না পেরে গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকেন। শিবির কর্মীরা পুলিশের ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ চলে যাওয়ার পরও শিবির কর্মীরা কিছুক্ষণ অলকার মোড়ে অবস্থান করেন। এরপর মিঞাপাড়ার দিকের রাস্তা দিয়ে তাঁরা চলে যান। কিছুক্ষণ পর নিউমার্কেট ও রানীবাজার এলাকা থেকে বিপুলসংখ্যক পুলিশ অলকার মোড়ে আসে। শিবির কর্মীদের ধরতে বিভিন্ন গলিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সাতজনকে আটক করে।রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, শিবির কর্মীরা আচমকা হামলা চালালে পুলিশ কৌশল করে ওই স্থান ত্যাগ করে। পরে শিবির কর্মীরা ওই রাস্তায় ঢুকলে সাতজনকে আটক করা হয়।