রাজশাহীতে মুক্তিপণে মুক্ত হলেন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় গত শনিবার রাতে অপহরণের পর এক চিকিৎসক দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন৷ এ ঘটনায় ওই দিনই নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷
ওই চিকিৎসকের নাম মিলন কুমার সরকার (৩২)৷ তিনি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক৷ তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিহির কুমার সরকারের ছেলে৷
মিলনের ভায়রা লিটন কুমার সরকার জানান, মিলন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত৷ পুঠিয়া বাজারে তাঁর একটি ব্যক্তিগত চেম্বার রয়েছে৷ মিলন পুঠিয়া থেকে শনিবার সকালে ব্যক্তিগত কাজে উপজেলার বানেশ্বর বাজারে যান৷ সেখান থেকে চেম্বারের ওষুধ কেনার জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী নগরে যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষায় থাকেন৷ সেখানে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়৷ মাইক্রো থেকে রাজশাহীর যাত্রীদের ডাকতে থাকে৷ তিনি দ্রুত যাওয়ার জন্য ওই মাইক্রোবাসে ওঠেন৷ গাড়িতে ওঠার পরই তিনি বুঝতে পারেন গাড়ির যাত্রীরা ছদ্মবেশী অপহরণকারী৷ পরে অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ মুক্তিপণ না দিলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়৷
লিটন আরও জানান, পরিবারের কাছে অপহরণের বিষয়টি জানতে পেরে তিনি প্রথমে রাজশাহী র্যাব কার্যালয়ে যান৷ সেখান থেকে তাঁকে জিডি করতে বোয়ালিয়া থানায় পাঠানো হয়৷ কিন্তু বোয়ালিয়া থানায় জিডি রেকর্ড করতে প্রায় তিন ঘণ্টা বসে থাকতে হয়৷ বিকেল পাঁচটার দিকে জিডির কপি র্যাব কার্যালয়ে পাঠানো হয়৷
এরই মধ্যে অপহরণকারীরা দ্রুত সময়ের মধ্যে টাকা না দিলে মিলনকে হত্যার হুমকি দেয়৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে অপহরণকারীদের দেওয়া তিনটি বিকাশ নম্বরে মুক্তিপণের দুই লাখ টাকা পাঠানো হয়৷ রাত সোয়া নয়টার দিকে অপহরণকারীরা ফোন করে মিলনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায়৷ পৌনে ১০টার দিকে মিলন বাড়ি ফিরে আসেন৷ অপহরণকারীরা তাঁকে বানেশ্বর এলাকায় ছেড়ে দিয়েছে বলে মিলন পরিবারের কাছে জানান৷
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, তাঁদের কাছে দ্রুত সময়ের মধ্যে মুঠোফোন ট্র্যাকিংয়ের ব্যবস্থা না থাকায় একটি জিডি রেকর্ড করে র্যাবের কাছে পাঠানো হয়৷
রাজশাহী র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম বলেন, অপহরণকারীদের শনাক্ত করার কোনো সূত্র পরিবারের লোকজন দিতে পারেননি৷ ফলে জিডির কপি পাওয়ার পরই মুঠোফোন ট্র্যাকিংয়ের অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়৷
মিলনের বাড়িতে গতকাল রোববার বিকেলে গিয়ে তাঁকে পাওয়া গেলেও এ ব্যাপারে কিছু বলতে চাননি৷