রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে বিক্ষোভ করেছেন। শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ নগরের বেসরকারি ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, প্রাইম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ও ইসলামী ব্যাংক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে হবে। শুধু চার বছর মেয়াদি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি কোর্স এর অন্তর্ভুক্ত হবে। বক্তারা বেকার সমস্যা দূর করার জন্য নতুন পদ সৃষ্টি এবং সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা ও বেতন স্কেল দেওয়ার দাবি জানান।
সকাল সাড়ে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এতে বক্তারা আরও বলেন, কারিগরি বোর্ডের অনুমোদন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কোর্স চালু করা হয়েছিল। সেখানে যেকোনো বয়সের শিক্ষার্থী ভর্তি করা হয়। শুধু তাই নয়, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরও এই কোর্সে ভর্তি করা হয়। কিন্তু পাস করার পর তাঁরা সরকারি চাকরিতে আবেদন করতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন। চার বছর পর আদালত ২৪ মে রায় দিয়েছেন। রায় অনুযায়ী, ৫০ শতাংশ পদে তাঁরাও আবেদন করতে পারবেন।
এই রায় নিয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। তাঁরা কারিগরি বোর্ড অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ‘ভুয়া’ আখ্যায়িত করে তাঁদের সরকারি চাকরির সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।