রাজশাহীতে যমুনা জুট মিলে আগুন, নারী শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ব্যক্তিমালিকানাধীন যমুনা জুট মিলে গতকাল বৃহস্পতিবার বিকেলে আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মইফুল বেগম (৬০)। স্বামীর নাম ইয়াসিন আলী। বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাপাসিয়া এলাকায়। মইফুল মোহনপুরের ত্রিমোহিনী এলাকায় ভাড়া বাসায় থেকে মিলে কাজ করতেন।
যমুনা জুট মিল রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মোহনপুর উপজেলার খারইল এলাকায় অবস্থিত। মইফুলের সঙ্গে সুতার মেশিনে কাজ করছিলেন রেখা বেগম (৩৫)। তিনি বলেন, পাশে আগুন দেখেই তিনি আরেকজন শ্রমিকের হাত ধরে বাইরে চলে আসেন। তিনি বের হয়ে আসার সময় মইফুলকে ডাক দিয়েছিলেন, কিন্তু তখন মইফুল মেশিন থেকে উঠে মাল আনতে গিয়েছিলেন। ধোঁয়ায় আটকা পড়ে আর বের হতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে জানালা ভেঙে তাঁকে মৃত অবস্থায় বের করা হয়৷ রেখা জানান, মইফুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, বেলা তিনটা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়৷ খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর ধারণা, মিলের তাঁতের স্পার্কিং থেকে পাটের আঁশে আগুন লাগে৷ পরে তা ভেতের ছড়িয়ে পড়ে।