রাজশাহীতে যমুনা ব্যাংকের ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার কোটি টাকা জালিয়াতির অভিযোগে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মুঞ্জুরুল আহসান শাহ ও সহকারী ব্যবস্থাপক অনুপ কুমার ঘোষসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর সিএমএম আদালতে মামলাটি করেন ঠিকাদারি প্রতিষ্ঠান রিপা এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলাম।
আদালতের নির্দেশে গতকাল শনিবার নগরের বোয়ালিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। জানা গেছে, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে যমুনা ব্যাংকের রাজশাহী শাখায় লেনদেন করে আসছেন। আসামিরা ২০১১ সালে তাঁর প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকার ঋণ অনুমোদন করেন এবং তাঁর স্বাক্ষর জাল করে ওই টাকা তুলে নেন।
ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক মুঞ্জুরুল ও সহকারী ব্যবস্থাপক অনুপ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে এক কর্মকর্তা জানান, ব্যাংকের সাবেক দুজন কর্মকর্তা কাগজপত্র জাল করে রবিউল ইসলামকে ঋণ দিয়েছিলেন। এ অভিযোগে ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ রবিউলকে ঋণ পরিশোধের জন্য তাগাদা দিচ্ছিল। কিন্তু ঋণ পরিশোধ না করায় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে।