রাজশাহী মহানগরের গুঁড়িপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় শাহেনশাহ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। স্থানীয় লোকজন জানিয়েছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে বিদ্যমান শত্রুতার জের ধরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাহেনশাহ গুঁড়িপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ঘটনার পরপরই রাসেল (৩৫) নামের এক হামলাকারীর ওপর শাহেনশাহের সমর্থকেরা পাল্টা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আলীর ভাতিজা আবদুল মোমেনের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর ছোট ভাই শাহেনশাহের বিরোধ চলছিল।
গত সিটি নির্বাচনে মনসুর আলীর বিপক্ষে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান রজব আলী। এরপর বিরোধ আরও বাড়ে।নির্বাচনের পর থেকে মোমেন একাই এলাকার মাদক ব্যবসার আধিপত্য নেওয়ার চেষ্টা চালান। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে মোমেন ও শাহেনশাহের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই মোমেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল শাহেনশাহকে মারার জন্য তাঁর বড় ভাই রজব আলীর ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় সেখানে শাহেনশাহের দুই সহযোগী রবিউল ইসলাম ও নিজাম উদ্দিনকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আধা ঘণ্টা পর শাহেনশাহ তাঁর লোকজন নিয়ে মনসুর আলীর কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। মঙ্গলবারের এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শাহেনশাহ ও তাঁর বড় ভাই রজব আলী মোটরসাইকেলে করে গুঁড়িপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা গুঁড়িপাড়া স্পোর্টিং ক্লাবের সামনে এলে মোমেনের নেতৃত্বে রাসেল, চাঁদ, মহাসিনসহ আট থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে শাহেনশাহ গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শাহেনশাহ মারা যান।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, উভয় পক্ষ এলাকার সন্ত্রাসী। দুই পক্ষই একে-অন্যের চেয়ে নিজেদের বড় মনে করে আধিপত্য বিস্তার করতে চায়। শাহেনশাহ নামের যে যুবক খুন হয়েছেন, তাঁর নামে রাজপাড়া থানায় আট থেকে ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শাহেনশাহের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।