রাজশাহীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজশাহীতে লিখন আলী (২২) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোররাত পৌনে চারটার দিকে নগরের সিলিন্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নগরের দাশপুকুর নিমতলা এলাকার কাজেম আলীর ছেলে। এ ঘটনায় আজ রোববার সকালে পুলিশ লিখনের চাচাতো ভাই সোহাগকে আটক করেছে।
লিখনের মা মেহেরজান বেগম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে লিখন ভাত খেয়েছেন। খাওয়ার পর পরই একটা ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর আর ফিরে আসেননি। পরে পুলিশের কাছ থেকে ছেলের লাশ উদ্ধারের খবর পান।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মাদ এরফান জানান, রাতে সিলিন্দা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে আছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লিখনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। লিখনের পেটে দুটি ও বুকে একটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, সকালে লিখনের চাচাতো ভাই সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাঁর মোটরসাইকেলে রক্তের দাগ রয়েছে।