রাজশাহী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন ও মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহীতে যুবদলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। গত দুই সপ্তাহে দুইবার তাঁরা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ি ঘেরাও করেছেন। গত ৩ সেপ্টেম্বর মহানগর যুবদলের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে লাঞ্ছিত ও তাঁর ভাইকে মারধরের ঘটনায় থানায় একপক্ষ মামলা এবং অন্যপক্ষ সাধারণ ডায়েরি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২৭ আগস্ট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে খন্দকার মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরই কয়েক দিন পর মহানগর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর মহানগর যুবদলের নেতা-কর্মীদের একটি বড় অংশ পুরোনো কমিটির মেয়াদ বাড়ানোর জন্য বিক্ষোভ করেছে। পুরোনো কমিটির সভাপতি ছিলেন মোসাদ্দেক হোসেন এবং সাধারণ সম্পাদক আসলাম সরকার। মোসাদ্দেক জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র তাদের সংগঠন গোছানোর নির্দেশ দেওয়ার পর তাঁরা বেশ কিছু সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু হঠাৎ করে কমিটি বিলুপ্ত করা হয়। এ ঘটনায় যারা জড়িত তারা প্রকৃত অর্থে সংগঠনের ভালো চায় না। দলীয় সূত্র জানায়, জেলা যুবদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির ২৫ জনই পদত্যাগ করেছেন আহ্বায়ক খন্দকার মিজানুর রহমান খোকনের বিরোধিতা করে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির কয়েকজন সাবেক নেতা জানান, খন্দকার মিজানুর রহমান সাবেক মেয়র মিজানুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন ও মহানগর যুবদলের কমিটি বিলুপ্তির ঘটনায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযোগ করেন, এসব ঘটনার জন্য মিজানুর রহমান এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের কারসাজিই দায়ী। নাম প্রকাশ না করার শর্তে যুবদলের একাধিক নেতা বলেন, গত ৩ সেপ্টেম্বর মহানগর যুবদলের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল লাঞ্ছিত হয়েছেন, বুলবুলের ভাই ঝন্টুর ওপরে হামালা হয়েছে। শফিকুল হক মিলন ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ইন্ধনে এসব কাজ হয়েছে। এ প্রসঙ্গে মিজানুর রহমান মিনু তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, মোসাদ্দেক হোসেনের ভাইয়ের ওপরে হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ হামলা ও লাঞ্ছনার ঘটনায় তাঁর ইন্ধন দেওয়ার অভিযোগ ঠিক না। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, মারামারির ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। আর যুবদলের কমিটি বিলুপ্ত কিংবা আহ্বায়ক কমিটি গঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির বিষয়। এ বিষয়ে তাঁর বলার কিছু নেই। কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা বলেন, জেলা যুবদলের ২৫ জনের পদত্যাগের একটি কপি তিনি পেয়েছেন। এ ছাড়া এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।