রাজশাহীতে যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
রাজশাহী মহানগর যুবলীগের নেতা চৌধুরী মুখলেসুর রহমান সুমনের ওপর গত সোমবার রাতে সন্ত্রাসী হামলা হয়েছে। এক যুবলীগ নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ।
মুখলেসুর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার বেসরকারি সিডিএম হাসপাতালের অন্যতম পরিচালক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুখলেসুরের ভাষ্যমতে, সোমবার রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে নগরের আলুপট্টি থেকে লক্ষ্মীপুরের বাসায় ফিরছিলেন তিনি। পথে সাহেববাজারের জিরো পয়েন্টে তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজনের একটি দল তাঁর পথ আটকায়। মুহূর্তের মধ্যে দলটি তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা রড ও পাইপ দিয়ে তাঁকে পেটাতে শুরু করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মুখলেসুরের দাবি, তিনি হামলাকারীদের একজনকে চিনতে পেরেছেন। ওই হামলাকারী হলেন মহানগর যুবলীগের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক অলোক দাশগুপ্ত।
মুখলেসুর বলেন, কিছুদিন আগে মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ কমিটিতে অলোক দাশগুপ্তের সাংগঠনিক সম্পাদক পদটি এবার তাঁকে দেওয়ার জন্য দলের ভেতরে গুঞ্জন চলছে। এ কারণেই ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে অলোক দাশগুপ্ত বলেন, মুখলেসুর তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসাতে চাইছেন।
জানতে চাইলে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রথম আলোকে বলেন, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। তিনি ও সংগঠনের সাধারণ সম্পাদক সবাই নওগাঁয়। এখান থেকে ফিরে মুখলেসুরকে দেখতে যাবেন। হামলায় অলোক দাশের নাম এসেছে। রাজশাহী যাওয়ার পর বিষয়টি তিনি যাচাই করে দেখবেন। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ কমিটি হলে মুখলেসুর একটা ভালো পদ পাবেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, আহত যুবলীগ নেতার সঙ্গে কথা বলতে তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলেন। মুখলেসুর থানায় মামলা করতে চেয়েছেন। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।