রাজশাহীতে যুবলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা
রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমানকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত পৌনে নয়টার দিকে পবা উপজেলার দারুশা বাজারে এ ঘটনা ঘটে।
মাহফুজুর ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি ডাব্লিউ হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি নগরের চণ্ডীপুর এলাকার আবুল ফজলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দারুশা বাজারের একটি ফলের দোকানে মাহফুজুর বসেছিলেন। তখন একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি বাজারের মধ্যে কয়েকবার টহল দেয়। রাত পৌনে নয়টার দিকে গাড়িটি ওই ফলের দোকানের সামনে থামে। এরপর গাড়ি থেকে চারজন বন্দুকধারী নেমে মাহফুজুরকে চারটি গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাজারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারীরা গাড়িতে উঠে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, মাহফুজুর গত চার-পাঁচ দিন ধরে উপজেলার দারুশা কবিরাজপাড়ায় তাঁর আত্মীয়ের বাড়িতে ছিলেন।
মাহফুজুরের মামা এনামুল হক বলেন, দারুশা এলাকায় তাঁর ভাগনের পুকুরের ব্যবসা রয়েছে। এ কারণে মাহফুজুর ওই এলাকায় বেশি ঘোরাফেরা করেন। মাহফুজের শ্বশুরবাড়ি সেখান থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার পুরাখালী গ্রামে। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শ্বশুরবাড়িতে আছেন।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, মাহফুজুর নগরের চণ্ডীপুর এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১৫-২০ দিন আগে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান। তাঁকে হত্যার পর পবা থানা পুলিশ উপজেলার প্রবেশ পথের বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু করে।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, হত্যার খবর শুনে তিনি দারুশা এলাকায় যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি ঘটনা সম্পর্কে বলতে পারবেন।