রাজশাহীতে রমজানে তাঁত বস্ত্রমেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে রমজান মাসজুড়ে রাজশাহী নগরের ডেসটিনি মাঠে (বর্ণালী মাঠ) তাঁত বস্ত্রমেলার আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী নেতারা রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
রাজশাহী চেম্বারের ২৫ জন শীর্ষ ব্যবসায়ী নেতার স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তাঁত বস্ত্রমেলার নামে নিম্নমানের সামগ্রীর পসরা ও জুয়া চালানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ মেলায় প্রকৃতপক্ষে কোনো তাঁতবস্ত্র ব্যবসায়ী অংশ নেন না। তথাকথিত মৌসুমি ব্যবসায়ীরা মেলার নামে যদি নিম্নমানের সামগ্রীর পসরা সাজান, তাহলে প্রকৃত ব্যবসায়ীরা ঈদের বাজারে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কেনাবেচায় ধস নামবে। এই তথাকথিত মেলার আয়োজন বন্ধ না হলে রোজার আগেই রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ী মহল আন্দোলনে নামবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়৷