রাজশাহীতে রাতভর উচ্চাঙ্গসংগীত উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁটায় কাঁটায় রাত সাড়ে আটটা। মঞ্চের শিল্পীদের মুখ আলোকিত করে জ্বলে ওঠে সারি সারি প্রদীপ। আর হিন্দোল শিল্পীগোষ্ঠীর সমবেত কণ্ঠে বেজে উঠল ধ্রুপদি সংগীত। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে শুরু হয় উচ্চাঙ্গসংগীত উত্সব। সারা দেশের খ্যাতিমান শিল্পীদের সংগীত শোনে শ্রোতারা রাত কাটিয়ে দেয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীর হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠী। প্রথম দিন বুধবার ছিল গুণীজন সম্মাননা ও পরের দিন বৃহস্পতিবার রাতে উচ্চাঙ্গসংগীত উত্সবের আয়োজন। উত্সবের শুরুতে মারুবেহাগ রাগে খেয়াল পরিবেশন করেন পারমিতা হক। এরপর থেকে ভোর হওয়া পর্যন্ত রাতের বিভিন্ন প্রহরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন রাগে খেয়াল পরিবেশন করা হয়। ইমন কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করেন এস এম সেলিম আক্তার। এরপর মঞ্চে আসেন দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী তথা উচ্চাঙ্গসংগীতের খ্যাতিমান শিল্পী খায়রুল আনাম শাকিল। তিনি রাগ বেহাগে খেয়াল পরিবেশন করেন। রাত দ্বিপ্রহরের কিছু আগে মঞ্চে আসেন রাজশাহীর প্রখ্যাত সংগীতগুরু মঞ্জুশ্রী রায়। তিনি রাগ মালকোষ পরিবেশন করেন।প্রথম দিনের অনুষ্ঠানে রেজাউল ইসলামের রচনা ও সৌমিত্র ব্যানার্জির সুরে ‘এসো নতুনের আহ্বানে গুটি গুটি পা ফেলে এগিয়ে চলি’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এতে অংশ নেন হিন্দোল, মুক্ত ঘরানা, সুরতীর্থ, ধ্রুবসখা, শৈলী, ঐক্যতান, পদ্মা আবাসিক সংগীত বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট তবলাগুরু পণ্ডিত মদন গোপাল দাস এবং রাজশাহীর বিশিষ্ট রবীন্দ্রসংগীত গুরু ওস্তাদ শামসুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়।হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ওস্তাদ রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু ওস্তাদ বজলুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন হিন্দোলের সাধারণ সম্পাদক সৌমিত্র ব্যানার্জি।