রাজশাহীতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, আহত ২
রাজশাহী বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান গতকাল বৃহস্পতিবার বিকেলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ক্যাপ্টেন ও প্রশিক্ষণার্থী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে রানওয়েতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। আহত ক্যাপ্টেনের নাম ফারজানা হক (৩৭) ও প্রক্ষিণার্থীর নাম আঞ্জুমান আরা (৩০)।বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান প্রথম আলোকে জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে পড়ে গিয়ে উল্টে যায়। তবে এতে বিমানের তেমন কোনো ক্ষতি হয়নি। এ দুর্ঘটনায় ফারজানা ও আঞ্জুমান আরার ঘাড়ে ও মাথায় চোট লেগেছে।ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক এস এম আবদুল্লাহ সন্ধ্যার দিকে জানান, ফারজানা ও আঞ্জুমান আরার চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা এখন শঙ্কামুক্ত।