রাজশাহীতে রান্নার সময় মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের হেলেনাবাদ পুলিশ কোয়ার্টারে গতকাল সোমবার রান্না করার সময় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সিমি খাতুন (২৭) ও তাঁর মেয়ে সুমাইয়া খাতুন (৩)। সিমির স্বামী গিয়াস উদ্দিন রাজশাহী পুলিশ লাইনে কর্মরত একজন কনস্টেবল। তিনি পুলিশ কোয়ার্টারের তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে থাকতেন। স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে গিয়াস তাঁর মাকে ট্রেনে তুলে দিতে স্টেশনে যান। এ সময় তাঁর স্ত্রী বাসায় রান্না করছিলেন। একপর্যায়ে দুর্ঘটনা ঘটে। বাসার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আনোয়ার জানান, তাঁরা খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। শর্টসার্কিটের কথা শুনে তাঁরা প্রথম বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে নেন। তিনি বলেন, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখেন মা ও মেয়ে পড়ে রয়েছেন। তাঁদের পাশেই রাইস কুকার। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েই মা-মেয়ের মৃত্যু হয়েছে।