রাজশাহীতে রেল ভবন ঘেরাও, বিক্ষোভ
পশ্চিমাঞ্চল রেলের অফিস সহকারী পদে পরীক্ষা দিতে এসে গতকাল শুক্রবার রেল ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি-প্রত্যাশীরা। পরে পুলিশ এসে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।পরীক্ষার্থীদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত করায় তাঁরা বিপাকে পড়েছেন। প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো লাঞ্ছনার শিকার হয়েছেন। তবে এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ নিয়ে রেলওয়ের জনবল নিয়োগ পরীক্ষা দিতে এসে বিভিন্ন পদে তিন দফা বিক্ষোভ করলেন পরীক্ষার্থীরা।রেলওয়ের একটি সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় পশ্চিম রেলের অফিস সহকারী পদের জন্য লিখিত পরীক্ষার নির্ধারিত দিন ছিল। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে জমায়েত হলেও পরীক্ষা গ্রহণের জন্য কেউ উপস্থিত হননি। পরে তাঁরা জানতে পারেন কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শুরু হয় উত্তেজনা এবং বিক্ষোভের শুরু হয় সেখান থেকেই। পরে তাঁরা রেল ভবনের সামনে গিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে তা ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে সেখান থেকে তাঁদের বিতাড়িত করে।এদিকে বারবার পরীক্ষার তারিখ দিলেও এ যাবৎ পশ্চিম রেলের লোক নিয়োগে তিন দফায় তারিখ পেছানো হলো। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন ফোন ধরেননি।পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, নিয়োগ পরীক্ষাটি পূর্বাঞ্চলের। আদালতের নির্দেশ পেয়ে তারাই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। তবে কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে জানতে চাইলে তিনি নাম বলতে পারেননি। তিনি আরও জানান, বিজ্ঞপ্তিটি একটি জাতীয় পত্রিকায় দেওয়া হয়েছে। বিষয়টি তাঁদের হলে তাঁরা স্থানীয় খবরের কাগজে দিতেন। তাহলে এই অঞ্চলের পরীক্ষার্থীরা বিষয়টি জানতে পারতেন।